প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫ সময় : ৪:২৯পিএম


**জালালবাদ প্রতিদিন ডেস্ক:**বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনি চিরনিদ্রায় শায়িত হলেন নিজ গ্রামে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে বাজড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মাত্র কয়েকদিন আগেও যে শিশুটি স্কুলে বন্ধুদের সঙ্গে গল্প করত, বইয়ের পাতায় স্বপ্ন আঁকত, আজ তাকে ঘিরে শুধুই কান্না আর শোক।রাইসার বাবা শাহাবুল ইসলাম ও মা মিম আক্তার মেয়ের অকাল মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, রাইসার বাবা-মা তাদের সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বড় বোন সিনথিয়া একই স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছে। উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হতাহতের মধ্যে রাইসা মনিও ছিলেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


